শিরোনাম

থানচিতে সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

থানচিতে সাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

 

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম (২৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

নিহত জাওয়াদ উল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মো. হেলাল উদ্দীনের ছেলে।

জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে জাওয়াদ উল ইসলাম নিখোঁজ হন। ঘটনার পরদিন চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

পরে রোববার সকালে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীতে তার মরদেহ ভেসে উঠলে বিজিবি সেটি উদ্ধার করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর