ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। এর আগে সোমবার (২৭ জুলাই) তার ব্যক্তিগত কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার অভিযোগসংবলিত ২২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সরোয়ার হোসেন নিজের চেয়ারে গিয়ে বসেন। এ সময় তাকে বলতে শোনা যায়, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসন প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করেছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।