মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে আগামী এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, সীমান্ত চোরাচালান, অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জেলার নানা সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।