রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম (২৫) অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্তি নিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার পারিবারিক কলহের একপর্যায়ে সাকিবুলের সঙ্গে পরিবারের সদস্যদের হাতাহাতি হয়। এ সময় তার মা ধারালো দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফুয়াদ হাসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘাড়ে গুরুতর কাটা জখম নিয়ে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসার সময়ই তার মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা-মাকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করে তুলতে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রেও পাঠানো হয়েছিল। কয়েক মাস আগে তাকে রিহ্যাবে পাঠাতে তার বাবা প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে সাকিবুলের আচরণে পরিবার দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। মাদক সেবন ও কথিত অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে প্রায়ই তার বিরোধ হতো। কিছুদিন আগে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক সেবন ও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।