ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় নারীদের ইভটিজিং, হয়রানি ও সহিংসতা প্রতিরোধে দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তথ্য আপা কর্মসূচির আওতায় আয়োজিত "নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সবল ও কর্মক্ষম রাখার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিকরণ" শীর্ষক বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং, হয়রানি ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে নগরকান্দা ও সালথা উপজেলায় লিগ্যাল এইড কমিটি গঠন করা হবে। তিনি নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে সমাজের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
উঠান বৈঠকে নারীদের প্রজনন স্বাস্থ্য, মানসিক সুস্থতা, স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং সরকারি সেবা সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সুস্থ, সচেতন ও কর্মক্ষম নারী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি সামাজিক সহযোগিতা এবং সরকারি সেবার সহজ প্রাপ্তি নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, তথ্যকেন্দ্রের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক নারী।
বিশেষ এই উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও তথ্যকেন্দ্র, নগরকান্দা, ফরিদপুর।