রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী লেবু মিয়া (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক।
তিনি জানান, লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
ডেপুটি জেলার বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।