ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে বিএসএফ আটক করে নিয়ে গেছে বলে স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। আটক দুজন হলেন একই এলাকার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম (২৯) এবং মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা (৩৬)।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান বলে অভিযোগ। এতে আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় মোস্তাকিম ও শ্রী উদাকে বিএসএফ আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
পরে গুলিবিদ্ধ আসাদুজ্জামানকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
বৈরচুনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ও আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।