রংপুর ব্যুরো: র্যালি, আলোচনা সভা ও বইমেলার আয়োজনের মধ্য দিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাহিত্য উৎসব। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নগরীর ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
সকালে আয়োজিত র্যালির উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আবুল হোসেন মন্ডল। র্যালিটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘ফিরে দেখা সাহিত্য, সংস্কৃতি ও সংগঠন’-এর আয়োজনে দুপুরে কলেজের অন্নদামোহন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাপস মাহমুদ, সদস্যসচিব শাকিল মাহমুদ ও আহ্বায়ক বাবুল সরকারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও গতিশীল করা এবং লেখক-পাঠকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৃজনশীলতার বন্ধন দৃঢ় করাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।
এবারের সাহিত্য উৎসবে রংপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী থেকে শতাধিক কবি ও লেখক অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চলের কবি-লেখকদের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভার পাশাপাশি বইমেলা ও নানা সাহিত্যিক কর্মকাণ্ডে মুখর হয়ে ওঠে কারমাইকেল কলেজ ক্যাম্পাস।