৪৯তম বিশেষ বিসিএসে নিয়োগের অপেক্ষায় থাকা আরও ৪০ প্রার্থীর অনিশ্চয়তার অবসান হয়েছে। শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত এসব প্রার্থীকে নিয়োগ দিয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৫ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে। পুলিশ যাচাইসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর বাদ পড়া বাকি প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।
এর ধারাবাহিকতায় আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো। এর ফলে ৪৯তম বিশেষ বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের কারণে বাদ পড়া প্রার্থীদের একটি অংশ নিয়োগের আওতায় এলেন।