শিরোনাম

হারিয়ে যাওয়া গ্রামবাংলার জীবন্ত স্মৃতিভান্ডার রংপুরের ‘ফকিরবাড়ি পল্লী জাদুঘর’

হারিয়ে যাওয়া গ্রামবাংলার জীবন্ত স্মৃতিভান্ডার রংপুরের ‘ফকিরবাড়ি পল্লী জাদুঘর’

 

 রংপুর প্রতিনিধি: একটু চোখ বন্ধ করে ভাবুন—সন্ধ্যা নামতেই উঠানে জ্বলে উঠেছে হারিকেনের আলো। ঘরের কোণে কুপি বাতি, রান্নাঘর থেকে ভেসে আসছে ঢেঁকিতে ধান ভাঙার শব্দ। কোথাও বাজছে দোতারা, কোথাও গ্রামোফোনে কলের গান। উঠানে দাঁড়িয়ে আছে গরুর গাড়ি। ঘরের এক পাশে পুরোনো সিন্দুক, দেয়ালে ঝুলছে তালপাতার পাখা। এ যেন কয়েক দশক আগের চেনা গ্রামবাংলা।

সময়ের স্রোতে সেই জীবনযাত্রা অনেকটাই হারিয়ে গেছে। কিন্তু রংপুরের মিঠাপুকুরে গেলে দেখা মিলবে সেই হারানো দিনের। সেখানে অতীত কেবল স্মৃতি হয়ে নেই; নানা পুরোনো উপকরণে যেন জীবন্ত হয়ে আছে। এর নাম ‘ফকিরবাড়ি পল্লী জাদুঘর’।

হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ও জীবনযাত্রার স্মারকগুলো যত্ন করে সংরক্ষণের এই উদ্যোগ নিয়েছেন লেখক ও সংস্কৃতিকর্মী আতিকুর রহমান, যিনি আদিল ফকির নামেও পরিচিত। তাঁর কাছে পুরোনো একটি ঢেঁকি নিছক কৃষি উপকরণ নয়, একটি সময়ের গল্প। হারিকেন শুধু আলো জ্বালানোর যন্ত্র নয়, এক প্রজন্মের শৈশবের স্মৃতি। দোতারা কেবল বাদ্যযন্ত্র নয়, গ্রামীণ শিল্পী ও লোকসংস্কৃতির জীবন্ত স্মারক। এমন ভাবনা থেকেই নিজের ভালোবাসা, শ্রম ও সাধনায় তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই পল্লী জাদুঘর।

রংপুর শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে প্রায় ১৭ কিলোমিটার এগোলেই জায়গীরহাট। সেখান থেকে জায়গীর-বালারহাট সড়ক ধরে আরও পাঁচ কিলোমিটার এগোলে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রাম। পাকা সড়ক ছেড়ে কাঁচা পথ ধরে কিছুদূর এগোলেই চোখে পড়বে ফুল ও লতাগুল্মে ঘেরা জাদুঘরের প্রবেশপথ। ফটক পেরিয়ে ভেতরে ঢুকলে চারপাশের সবুজ, গাছের ছায়া, পদ্মদিঘি আর সাজানো পুরোনো সামগ্রী দর্শনার্থীদের নিয়ে যায় অন্য এক সময়ে।

এখানে শুধু পুরোনো জিনিসপত্র সাজিয়ে রাখা হয়নি; তৈরি করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার এক মনোরম পরিসর। গাছের ছায়ায় বসানো হয়েছে বইয়ের তাক। বই পড়ার জন্য রয়েছে স্টিলের চেয়ার, টেবিল ও বেঞ্চ। প্রকৃতির সান্নিধ্যে বই পড়ার সুযোগের পাশাপাশি চারপাশে ছড়িয়ে থাকা অতীতের স্মারক—সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে জ্ঞানচর্চা ও স্মৃতিচারণের এক ব্যতিক্রমী ঠিকানা।

সম্প্রতি সরেজমিনে জাদুঘরটি ঘুরে দেখা যায়, আশপাশের গ্রামের বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে এসেছেন। তাঁদের কেউ বই পড়ছেন, কেউ ঘুরে দেখছেন পুরোনো দিনের নানা সামগ্রী। শিক্ষার্থীরা জানান, গ্রামবাংলার ইতিহাস ও ঐতিহ্যকে লালন করার চমৎকার উদ্যোগ রয়েছে এখানে। তাই অবসর পেলেই তাঁরা জাদুঘরে আসেন।

জাদুঘরের ভেতরে ঢুকলেই চোখে পড়ে একের পর এক বিস্ময়। কোথাও সিন্দুক, কোথাও যাত্রাগানের রাজা-বাদশাহর ব্যবহৃত তরবারি। রয়েছে গ্রামোফোন বা কলের গান, ঢেঁকি, হ্যাজাক বাতি, হারিকেন, কুপি, তালপাতার পাখা, একতারা, দোতারা, ডুগডুগি, গরুর গাড়ি, জাঁতা, হুঁকা, ঝাঁজর, খড়ম, গান্টার শিকল, হামানদিস্তা, রেডিও ও ভিসিআরসহ প্রায় ৪০০টি কৃষি ও সাংস্কৃতিক উপকরণ। এ ছাড়া রয়েছে ১৮৩টি দেশের ডাকটিকিটের সংগ্রহ।

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীও ঘুরে দেখেছেন ফকিরবাড়ি পল্লী জাদুঘর। তাঁদের মধ্যে পারভেজ হাসান, জামিল, সৌরভ ও নওশীন জানান, একসময় যেসব জিনিস ছিল গ্রামীণ জীবনের নিত্যসঙ্গী, আজ সেগুলোর অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে অপরিচিত। কেউ হয়তো ঢেঁকি দেখেছেন শুধু বইয়ের ছবিতে, কেউ হারিকেনের আলোয় পড়াশোনার অভিজ্ঞতা কখনো পাননি। আবার কারও কাছে গ্রামোফোন কিংবা ভিসিআর কেবল পুরোনো দিনের গল্প। এই জাদুঘরে এসে তাঁরা এসব উপকরণ কাছ থেকে দেখার পাশাপাশি সেসব সময়ের জীবনযাত্রা সম্পর্কেও জানার সুযোগ পাচ্ছেন। তাঁদের মতে, শুধু স্থানীয় নয়, দূরদূরান্ত থেকেও দর্শনার্থীদের আসা উচিত এই সংগ্রহশালায়।

আতিকুর রহমানের এই উদ্যোগের পেছনে রয়েছে দীর্ঘদিনের ভালোবাসা ও একাগ্রতা। ২০০৫ সালে রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী থাকাকালে টিউশনির পাশাপাশি লেখালেখি শুরু করেন তিনি। আদিল ফকির নামে লেখালেখির জগতে পরিচিতি গড়ার পাশাপাশি পুরোনো জিনিসপত্র সংগ্রহের নেশাও তাঁকে পেয়ে বসে। তাঁর উপলব্ধি ছিল, বিজ্ঞান ও আধুনিকতার কল্যাণে সমাজ এগিয়ে যাবে, বদলে যাবে মানুষের জীবনযাত্রা; কিন্তু সেই পরিবর্তনের পথে যেন হারিয়ে না যায় মা, মাটি ও শেকড়ের স্মৃতি।

এই ভাবনা থেকেই ২০১৩ সালে গ্রামের বাড়ির পাশে ১০ শতক জমি কেনেন তিনি। ২০১৬-১৭ সালের দিকে সেখানে জাদুঘরের জন্য নির্মাণ করেন একটি আধাপাকা ঘর। এরপর ধীরে ধীরে সংগ্রহ করা পুরোনো সামগ্রী সেখানে নিয়ে আসতে শুরু করেন। বর্তমানে দুই একর ৩১ শতাংশ জমির ওপর বিস্তৃত ফকিরবাড়ি পল্লী জাদুঘর। এখানে রয়েছে পদ্মদিঘি। দিঘির পাশে অতীতের দুর্গম গ্রামীণ পথের স্মৃতি ফিরিয়ে আনতে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। গ্রামবাংলার চিরচেনা পরিবেশ তুলে ধরতে নির্মাণ করা হচ্ছে কুঁড়েঘরও।

জাদুঘর প্রতিষ্ঠার গল্পেও রয়েছে মজার এক অধ্যায়। শুরুতে নিজের স্বপ্নের কথা মা-বাবাকেও জানাতে পারেননি আতিকুর। জাদুঘর নির্মাণের কথা না বলে পরিবারকে বুঝিয়েছিলেন, সেখানে খামার করবেন, ভুট্টার ব্যবসা করবেন। পরিবারও তাঁর পরিকল্পনায় সমর্থন দিয়েছিল। কিন্তু আতিকুরের মনে তখন অন্য স্বপ্ন—একটি জাদুঘর গড়ে তোলা। ঘর নির্মাণের পর ধীরে ধীরে সেখানে পুরোনো জিনিসপত্র সংগ্রহ করে সাজাতে থাকেন তিনি। একসময় পরিবারের সদস্যরা তাঁর প্রকৃত উদ্দেশ্য জানতে পারেন। পরে তাঁরাও এই ব্যতিক্রমী উদ্যোগকে মেনে নেন।

আতিকুর রহমান বলেন, “জাদুঘরের কথা মা-বাবাকে বলা যায়নি। বলতে হয়েছে, খামার করব, ভুট্টার ব্যবসা করব। পরিবার তখন সমর্থন করেছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল কীভাবে একটি জাদুঘর গড়ে তোলা যায়। ২০১৬ সালে ঘর নির্মাণ শেষ হলে ধীরে ধীরে পুরোনো জিনিসপত্র সংগ্রহ করে সেখানে রাখা শুরু করি। একসময় পরিবার আমার আসল উদ্দেশ্য জানতে পেরে মেনে নেয়।”

ফকিরবাড়ি পল্লী জাদুঘরের সবচেয়ে আবেগঘন দিক হলো, এখানকার প্রতিটি সামগ্রীর সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো মানুষের স্মৃতি। অনেকেই নিজেদের ব্যবহৃত কিংবা পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত জিনিস স্বেচ্ছায় তুলে দিচ্ছেন এই সংগ্রহশালায়। দাতাদের নাম উল্লেখ করে প্রতিটি সামগ্রী প্রদর্শনের উদ্যোগও নিয়েছেন আতিকুর। ফলে এসব উপকরণ শুধু অতীতের নিদর্শন নয়, হয়ে উঠেছে বহু মানুষের ব্যক্তিগত স্মৃতির ধারক।

আতিকুরের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি চান, ফকিরবাড়ি পল্লী জাদুঘর হয়ে উঠুক গ্রামীণ সংস্কৃতি, সৃজনশীলতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এখানে নিয়মিত আয়োজন করতে চান পুরোনো দিনের গানের আসর ও কবিতা পাঠের অনুষ্ঠান। স্থানীয় মৃৎশিল্পীরা যেন তাঁদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পান, সে ব্যবস্থাও করতে চান তিনি। পাশাপাশি স্বাস্থ্যশিবির, বনজ সংগ্রহ মেলা এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফসল বিক্রির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর প্রত্যাশা, জাদুঘরের প্রতিটি আয়োজন ও উপকরণে প্রতিফলিত হবে স্মৃতি, শিক্ষা ও সভ্যতার ইতিহাস।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, “এটি একটি ভালো উদ্যোগ। রংপুরের জন্য গর্বের বিষয়। লোকমুখে শুনে নিজ উদ্যোগে ফকিরবাড়ি পল্লী জাদুঘর দেখতে গিয়েছি। মূল সড়ক থেকে জাদুঘর পর্যন্ত কাঁচা রাস্তা থাকায় দর্শনার্থীদের যাতায়াতে কষ্ট হয়। উদ্যোগটি দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। তাই সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। মিঠাপুকুর উপজেলার যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকব।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ মনে করেন, আতিকুর রহমানের এই উদ্যোগ অনন্য। তাঁর কর্মস্পৃহা, আগ্রহ ও আবেগের সমন্বয়ে গড়ে ওঠা ফকিরবাড়ি পল্লী জাদুঘর শুধু রংপুরের নয়, গোটা দেশের সম্পদ হয়ে উঠতে পারে। এটি একসময় ইতিহাস ও ঐতিহ্যের বড় সংগ্রহশালায় পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অধ্যাপক তুহিন ওয়াদুদের মতে, একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যেসব উপকরণ, সেগুলোই আজ হারিয়ে যাওয়ার পথে। একটি প্রজন্মের কাছে যা পুরোনো, পরবর্তী প্রজন্মের কাছে তা-ই হয়ে উঠতে পারে ইতিহাসের অমূল্য পাঠ। আতিকুর রহমান সেই উপলব্ধি থেকেই গড়ে তুলেছেন তাঁর স্বপ্নের জগৎ।

ফকিরবাড়ি পল্লী জাদুঘরে গেলে বোঝা যায়, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না; কখনো তা লুকিয়ে থাকে একটি পুরোনো সিন্দুকে, একটি দোতারায়, ঢেঁকির কাঠে কিংবা হারিকেনের আলোয়। সেসব স্মৃতি যত্ন করে আগলে রাখার মধ্যেই বেঁচে থাকে শেকড়ের পরিচয়। আধুনিকতার এই দ্রুত পরিবর্তনের সময়ে তাই ফকিরবাড়ি পল্লী জাদুঘর নীরবে মনে করিয়ে দেয়—সামনে এগিয়ে যেতে হলে পেছনে ফেলে আসা শেকড়কেও মনে রাখতে হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর