শিরোনাম

প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা বলয়ে ত্রিশাল

প্রধানমন্ত্রীর আগমনে নিরাপত্তা বলয়ে ত্রিশাল
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে তিনদিনব্যাপী রাষ্ট্রীয় আয়োজনের উদ্বোধনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তিনি সড়কপথে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ত্রিশালজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও স্থানীয় সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়কজুড়ে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন, নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং বসেছে নজরুল মেলা ও বইমেলা।

স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা আশা করছেন, এ সফরে ত্রিশালের জন্য নতুন উন্নয়ন প্রকল্প বা বিশেষ ঘোষণা আসতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর