সাত দশকেরও বেশি সময়ের অংশগ্রহণের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রতিযোগিতার পরিচালনা পদ্ধতি, সাংগঠনিক স্বচ্ছতা এবং নীতিগত অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে ২০২৬ সালের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিস ফ্রান্স কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, বর্তমান মিস ইউনিভার্সের কার্যক্রম তাদের প্রতিষ্ঠিত মূল্যবোধ ও সাংগঠনিক নীতির সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে সাম্প্রতিক আসরে প্রশাসনিক ত্রুটি ও বিভিন্ন অনিয়ম নিয়ে উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ফরাসি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি স্থায়ী বিচ্ছেদ নয়। ভবিষ্যতে প্রতিযোগিতার কাঠামো ও নীতিগত পরিবেশে ইতিবাচক পরিবর্তন এলে পুনরায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অংশগ্রহণকারী একটি দেশের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এবং মিস ইউনিভার্সের প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে।