শিরোনাম

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো নাতী

নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো নাতী
ছবি: প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে পানিতে ডুবে লাবিব (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাবিব উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে সে।

স্বজন কাওসার হোসেন জানান, শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুরঘাটে চলে যায় লাবিব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাতির মরদেহ জড়িয়ে নানা ইউনুস হাজীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

তবে এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় কেউ এখনো কোনো তথ্য জানায়নি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর