জমিজমার বিরোধ নিয়ে ৩১ বছর আগে ফুফাতো বোনকে হত্যা মামলার প্রধান আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বড় ভাই শফি উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলার বদরগঞ্জ পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফি উদ্দিন (৬০) মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
জানা যায়, ১৯৯৫ সালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফি উদ্দিন তার ফুফাতে বোনকে খুন করে। এ নিয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত প্রধান আসামি শফি উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় দেন। হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসামি শফি উদ্দিন বদরগঞ্জ উপজেলায় বসবাস করছিলেন।
খবর পেয়ে আসামিকে গ্রেফতার ও আদালতের রায় কার্যকর করতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। পরে র্যাব-১৩ অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শফিকে গ্রেপ্তার করে। দীর্ঘ সময় পলাতক থাকার পর সে ধরা পড়ল।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শফি উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।