তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না
ময়মনসিংহ ব্যুরো 8 সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ইয়াসের খান বলেন, আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাইবোনদের যে সমস্যাগুলো আছে, সেটা সমাধান করা প্রয়োজন। তাদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না। গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে; এ সরকার তা নিশ্চিত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক সাইফুর রহমান। আরও বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু