আশীষ শর্মা 8 একঝাঁক তারকা নিয়ে তানিম নূর নির্মাণ করেছেন বনলতা এক্সপ্রেস নামে একটি সিনেমা। এটি আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে প্রচারণাও শুরু করেছে টিম বনলতা। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার পোস্টার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্ন রকমের প্রচারণায় দেখা গেছে উৎসব খ্যাত পরিচালক তানিমকে। পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। বনলতা এক্সপ্রেসে সফরের জন্য প্রস্তুত তো আপনারা?’ হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। এতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। নিজের অভিনীত চরিত্র ও সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটা আর্ট ফিল্ম নয়। রোম্যান্স, কমেডি, ট্র্যাজেডি সব রয়েছে। যেগুলো দর্শকরা আকৃষ্ট হয়ে সিনেমা হলে আসে সবই আছে এতে’। অভিনেত্রী আরও বলেন, “কিন্তু প্রথাগতভাবে নাচ-গানের ব্যাপার নেই। যে গল্প রয়েছে সেটা এখানে অন্যতম বড় শক্তি। হুমায়ূন আহমেদ স্যারের ফ্যানদের পাশাপাশি যারা ‘উৎসব’ দেখেছেন তারাও নিশ্চয়ই এ সিনেমা দেখবেন। সবকিছু মিলিয়ে আমি মনে করি এ সিনেমার পটেনশিয়াল আছে।” চরিত্র প্রসঙ্গে সাবিলা বলেন, ‘চিত্রা বাইরে থেকে একদম চুপচাপ, সংযত, কিন্তু ভেতরে ভীষণ বিদ্রোহী আর তীক্ষ্ণ পর্যবেক্ষক। সে কম কথা বলে, কিন্তু চারপাশের প্রত্যেকটা মানুষ আর পরিস্থিতিকে গভীরভাবে লক্ষ্য করে। চিত্রার মধ্যে চঞ্চলতা আছে, তবে সেটা হঠাৎ করেই প্রকাশ পায় অপ্রস্তুত, স্বতঃস্ফূর্ত আর অর্থপূর্ণভাবে।’ সিনেমার আরও রয়েছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্টপ্রোডাকশন। শুটিং শেষ করে অভিজ্ঞতা প্রসঙ্গে তানিম নূর বলেন, ‘অসাধারণ শুটিং অভিজ্ঞতা। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী—সবার আন্তরিক প্রচেষ্টা ছিল। আমরাও একদম সময়মতো কাজটা শেষ করতে পেরেছি। পর্দায় সবার আন্তরিক প্রচেষ্টা দর্শক দেখবেন, কাজটিও তাদের মনে আলাদা একটা ছাপ ফেলবে।’ ‘উৎসব’-সাফল্য কি ‘বনলতা এক্সপ্রেস’–এর ক্ষেত্রে কোনো চাপ ফেলেছে? এমন প্রশ্নে তানিম নূর বলেন, ‘একদমই না। এটার সাফল্য বরং অনুপ্রেরণা ছিল, নইলে ছবিটি বানাতে আমার আরও দুই বছর বেশি সময় লেগে যেত।’ পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস ও সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু