যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গোপন সামরিক স্থাপনার নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বিষয়টি নজরে এসেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় নতুন করে নির্মিত একটি ভবনের ওপর কংক্রিটের সুরক্ষা ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলের হামলার পর ওই স্থানে দ্রুত পুনর্গঠন ও সুরক্ষা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশটি এ পদক্ষেপ নিয়েছে।
তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন সামরিক কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর একটি। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, দুই দশকের বেশি আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ-সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে।