স্থানীয় সরকারমন্ত্রী দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি দেব না
ঠাকুরগাঁও প্রতিনিধি 8 দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যার যেটা কাজ, সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি, দেব না। গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা এরই মধ্যে জেনেছি ঠাকুরগাঁওয়ে কী কী উন্নয়নমূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি—এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের উচিত ভবিষ্যতের জন্য সময় দেওয়া। কীভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারব; সে বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বিকেলে শহরের আশ্রমপাড়ায় শ্রীরামকৃষ্ণ মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচনে দেশের জনগণ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করেছে। বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি প্রত্যাখ্যান করে মানুষ মহান মুক্তিযুদ্ধের চেতনাকেই সমর্থন জানিয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অপচেষ্টা মোকাবিলা করা সম্ভব। মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যখন প্রয়োজন হবে, জানাবেন। আপনাদের পাশে থাকব—এ নিশ্চয়তা দিচ্ছি।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু