ফের কাঁপল দেশ, ১১ ভূমিকম্প এক মাসে
দেশজুড়ে আতঙ্ক
কালবেলা প্রতিবেদক 8 ছুটির দিনের দুপুরে সাতক্ষীরার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, যা অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় গতকাল শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এর আগের দুই দিনও দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। টানা এমন ভূকম্পন ছড়িয়েছে আতঙ্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ায় আতঙ্কের বিশেষ কারণ নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৭ দিনে মোট ১১ বার কেঁপে ওঠে বাংলাদেশের ভূমি। এগুলোর বেশিরভাগের উৎপত্তি আশপাশের অঞ্চলে হলেও দেশের অভ্যন্তরেও ঘটে কয়েকটি। গতকালের ভূমিকম্পটির আগের দুদিনও ভূমিকম্প টের পাওয়া গেলেও উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে অনুভূত ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম। এর আগের দিন রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাওলাইক এলাকায়। তবে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার আশাশুনি ও এর সংলগ্ন এলাকায়। সাতক্ষীরা জেলা সদর থেকে ওই এলাকা ২৯ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। আর ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ দশমিক ২ কিলোমিটার দক্ষিণপূর্বে। ভয়ের বিষয় হলো, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। এতে কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দূরে থাকলেও রাজধানীতে ভালো ঝাঁকুনি অনুভূত হয়। যেসময় কাঁপুনি শুরু হয়, তখন অনেক মসজিদে জুমার নামাজ চলছিল। বাসায় যারা ছিলেন, তারাও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে ক্ষতির তথ্য না মিললেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই ভয়ে বাসাবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। পশ্চিমবঙ্গেও বেশ ভালো কাঁপুনি অনুভূত হওয়ার কথা জানিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি লিখেছে, কলকাতায় অনেকেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। তবে সেখানেও ক্ষতির কোনো তথ্য মেলেনি। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার কালবেলাকে বলেন, ‘কয়েক মিনিটের ব্যবধানে আজ (গতকাল) দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনটি হয়েছে ইন্ডিয়ান প্লেটে।’ তবে এতে ভয়ের কোনো কারণ নেই জানিয়ে এই ভূমিকম্প বিশেষজ্ঞ বলেন, ‘আমাদের জন্য ভয়ের কারণ হতো ভূমিকম্পটা চট্টগ্রামের দিকে হলে। গত বুধ ও বৃহস্পতিবার যে দুটি ভূমিকম্প হয়েছে সেগুলো হয় দেশের বাইরে দুটি ভিন্ন অঞ্চলে। একেকটি একেক প্লেটে হয়েছে।’ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘বাংলাদেশের ভূতাত্ত্বিক যে অবস্থান, সেখানে ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক ঘটনা। ভূমিকম্প না হওয়াটা ভয়ের। দীর্ঘদিন শক্তি জমার পর ভূমিকম্প হলে মাত্রা বেশি হয়, তাতে ক্ষতির আশঙ্কা থাকে। আর কিছু দিন পরপর ভূমিকম্প হলে শক্তি জমে বড় মাত্রার কম্পন সৃষ্টি হতে পারে না।’ তবে সব সময় সচেতন থাকার পরামর্শ দেন তিনি। ভূমিকম্পের সময় কীভাবে এক-দুই কদমের মধ্যে নিজেকে নিরাপদ স্থলে নিয়ে যাওয়া যেতে পারে, সেটার মহড়া দেওয়ার পরামর্শও দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা বলেন, ‘পৃথিবীতে প্রতিদিন অন্তত অর্ধশতাধিক ভূমিকম্প হয়। অবশ্য এগুলোর অনেকটিই আমরা টের পাই না বা অনুভব হয় না। তবে এই ছোট কম্পনগুলো একেকটি বড় ভূমিকম্পের বার্তা।’ এই ভূতত্ত্ববিদ আরও বলেন, ‘মূলত যেখানে একবার ভূমিকম্প হয়, সেখানেই আবার ভূমিকম্প হওয়ার আশঙ্কা দেখা দেয়। কারণ সেখানে শক্তি জমা আছে বলে ধরে নেওয়া হয়, এই বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাও চিহ্নিত করা হয়। সে হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরপূর্ব সিলেট অঞ্চল থেকে দক্ষিণের কক্সবাজার তথা চট্টগ্রাম অঞ্চল ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। কারণ এ অঞ্চলে অতীতে বড় মাত্রার ভূমিকম্পের রেকর্ড রয়েছে। এ অঞ্চলের মাটির নিচে যে পরিমাণ শক্তি জমায়িত রয়েছে তাতে শক্তিশালী ভূমিকম্প হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। এটি যখন তখনই ঘটতে পারে।’ ভূমিকম্পের প্রস্তুতি সম্পর্কে এই অধ্যাপক বলেন, ‘আমাদের ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে ও পরে এবং ভূমিকম্প সংঘটিত হওয়ার সময়ের প্রস্তুতি অনিবার্যভাবে নিতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে আবশ্যিকভাবে ভূমিকম্পের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা এমন একটি জায়গায় বসবাস করি, যেখানে ভূমিকম্প ঘটবেই।’ তিনি আরও বলেন, ‘প্রকৌশল বিদ্যার একেবারে সর্বোচ্চ ব্যবহার বিধি মেনে অবকাঠামোগুলো পুনর্নির্মাণ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে আমরা গরিব দেশ। তাহলে প্রতিদিন যে উইপোকার মতো হাজার হাজার বিল্ডিং হচ্ছে—২০ তলা, ১৫ ও ১৭ তলা। এগুলো কী মাগনা হচ্ছে? এখানে টাকা নেই? আমি প্রতিনিয়ত বিল্ডিং তৈরি করছি উইপোকার ঢিবির মতো। বিল্ডিং কোড না মেনেই করছি। আমি ১০ কোটি টাকা দিয়ে একটি ইমারত তৈরি করলাম। আর ১১ কোটি দিয়ে যদি একটি ভূমিকম্প সহায়ক ভবন করি, তাহলে আমার কী ক্ষতি হলো? এটা বাধ্য করতে হবে মানুষকে। সচেতনতা তৈরি করতে হবে প্রতিটি পরিবারের ভেতর থেকে।’ চলতি মাসে ১১ বার ভূমিকম্প: চলতি মাসের শুরুর দিনই দুবার ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ওইদিন ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ঘটেছিল। সেটির উৎপত্তি হয়েছিল ঢাকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। এটি সিলেট শহর থেকে পূর্ব-দক্ষিণপূর্বের এলাকায় উৎপত্তি হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ২৬ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তি হয়েছিল ঢাকা থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ২। এরপর ৩ ফেব্রুয়ারি এসে আবার দুই দফায় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ওইদিন রাত ৯টা ৩৪ মিনিটে ১ সেকেন্ডে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা ঢাকা থেকে ৫২১ কিলোমিটারে দূরে ছিল। তবে মাঝারি ধরনেই ওই ভূমিকম্প চট্টগ্রাম অঞ্চলে অনুভূত হয়েছিল। একই দিন আরেকটি ভূমিকম্প হলেও সেটি ছিল ৪ দশমিক ১ মাত্রার। স্বল্পমাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডাটা অনুযায়ী, পরবর্তিতে ৯ ফেব্রুয়ারি (৩ দশমিক ৩ মাত্রা, ঢাকা থেকে ২২১ কিলোমিটার দূরে), ১০ ফেব্রুয়ারি (৪ দশমিক শূন্য মাত্রা, ঢাকা থেকে ২১৪ কিলোমিটার দূরে), ১৯ ফেব্রুয়ারি (৪ দশমিক ১ মাত্রা, ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার দূরে), ২০ ফেব্রুয়ারি (৩ দশমিক ৬ মাত্রা, ঢাকা থেকে ১২৮ কিলোমিটার দূরে), ২৩ ফেব্রুয়ারি (৪ দশমিক ৪ মাত্রা, ঢাকা থেকে ২৫২ কিলোমিটার দূরে) ও ২৫ ফেব্রুয়ারি (৫ দশমিক ১ মাত্রা, ঢাকা থেকে ৪৬২ কিলোমিটার দূরে) বাংলাদেশ ও আশপাশ অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। গত জানুয়ারিতেও ভূমিকম্পে কয়েকবার কেঁপেছে দেশ। এর আগে ডিসেম্বরেও ভূমিকম্প হয়েছে। বিশেষ করে গত নভেম্বরে ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশালে এক সপ্তাহে চার দফায় ভূমিকম্প অনুভূত হয়ছিল। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ঘোড়াশাল এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ছিল। ওই ভূমিকম্প রাজধানী ঢাকাসহ সারা দেশেই জোরেশোরে অনুভূত হয়। এতে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ে। অনেক ভবনে ফাটল দেখা দেয়। কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হন।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
কালবেলা মিডিয়া লিমিটেডের একটি প্রকাশনা।
স্বত্ব © ২০২৬ কালবেলা মিডিয়া লিমিটেড