আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যু
মৃত্যুর ৫ ঘণ্টা আগেও ফেসবুকে দিয়েছিলেন পোস্ট
তারাবেলা প্রতিবেদক 8 নাটকের অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরের দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এদিকে অভিনেতা যাহের আলভী বর্তমানে ঈদের একটি বিশেষ নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন বলে জানা গেছে। সেখানে তিনি ‘দেখা হলো নেপালে’ শিরোনামের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। স্ত্রীর মৃত্যুতে তিনি শোকাহত বলে জানান এক ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন, ‘আজ (গতকাল) দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকায় ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব।’ জানা যায়, আজ দুপুরের একটি ফ্লাইটে নেপাল থেকে ঢাকা ফিরবেন আলভী। এদিকে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও স্ত্রীর মৃত্যুকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছেন অভিনেতা। নিহত ইকরার চাচা দিপু খান জানান, তিনি ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’ তিনি আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ। বিস্ময়ের বিষয় হলো, মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও ইকরা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টের নিচে এখন স্তব্ধ অনুরাগীর ভিড়। অনেকেই মন্তব্যের ঘরে তার সুস্থতা কামনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুঃসংবাদই সত্য হলো। প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু