শিরোনাম
Ad Image

সরকার গঠনের প্রথম সপ্তাহ

সরকার গঠনের প্রথম সপ্তাহ

সরকার গঠনের প্রথম সপ্তাহ

শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, তার বাস্তব অর্থনৈতিক প্রভাব, নীতিগত সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গতি বাজারে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে

পুঁজিবাজারে প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচল

কালবেলা প্রতিবেদক 8 নতুন সরকার গঠনের পর বিনিয়োগকারীদের বড় প্রত্যাশা থাকলেও প্রথম সপ্তাহে দেশের পুঁজিবাজারে সেই প্রত্যাশার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়নি। সপ্তাহজুড়ে উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। যদিও বিএনপি সরকার গঠন করবে—এই তথ্য নিশ্চিত হওয়ার পর এক দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক প্রায় ২০০ পয়েন্ট বেড়েছিল। তবে পরবর্তী কার্যদিবসগুলোতে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। ফলে বাজারে স্থিতিশীল ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়নি। বিনিয়োগকারীদের একটি বড় অংশ আশা করছে, আজ রোববার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বাজার ঘুরে দাঁড়াবে এবং তারা প্রত্যাশিত মুনাফা ঘরে তুলতে পারবেন। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, তার বাস্তব অর্থনৈতিক প্রভাব, নীতিগত সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গতি বাজারে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে (২২ ফেব্রুয়ারি-২৬ ফেব্রুয়ারি) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২ দশমিক ৭৮ শতাংশ, যা তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স, যার শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ১১ শতাংশ। দর বৃদ্ধির তালিকায় আরও রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি ইসলামী ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, ফাঁস ফাইন্যান্স, পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল এবং বে-লিজিং। এসব প্রতিষ্ঠানের শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান বাজারে স্বল্পমেয়াদি চাঙ্গাভাবের ইঙ্গিত দিলেও তা সামগ্রিক সূচকে শক্ত ভিত গড়তে পারেনি। অন্যদিকে, বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ৯ দশমিক ৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ৭ দশমিক ৩৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৬০ শতাংশ। দর পতনের তালিকায় আরও রয়েছে মেঘনা সিমেন্ট, এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ড, এপিএসসিএল নন-কনভারট্যোবল অ্যান্ড কুপন বেয়ারিং বন্ড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক পার্পেচুয়াল বন্ড এবং আইসিবি এমপ্লোয়িজ মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। এ ছাড়া লেনদেনের দিক থেকে সপ্তাহের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে প্রতিষ্ঠানটির ৪৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩১ কোটি ১৫ লাখ এবং তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় আরও ছিল রবি আজিয়াটা, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক ও যমুনা ব্যাংক। সব মিলিয়ে রাজনৈতিক প্রত্যাশা সত্ত্বেও বাজার এখনো স্থিতিশীল ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারেনি। নতুন সপ্তাহে বিনিয়োগকারীদের দৃষ্টি থাকবে নীতিগত ঘোষণা ও আর্থিক খাতের বাস্তব অগ্রগতির দিকে।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর