বরিশালে বিচারক-আইনজীবী বিরোধ সমঝোতার পথে
আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার
বরিশাল প্রতিনিধি 8 অবশেষে সমঝোতার পথে এগোচ্ছে বরিশাল আদালতে বিচারক এবং আইনজীবীদের মধ্যকার বিরোধ। এ কারণে আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রোববার সকাল থেকে আইনজীবীরা আদালতে নিয়মিত বিচার কার্যক্রমে অংশ নেবেন। আইনজীবীদের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার ধার্য তারিখে কারাগারে থাকা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকনের জামিনসহ মামলা তুলে নেওয়া হবে—এমন সমঝোতার ভিত্তিতে আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন। যদিও জেলা আইনজীবী সমিতি বা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কারণ হিসেবে বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া জেলা আইনজীবী সমিতির প্যাডে সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বিচারপ্রার্থী জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ১ মার্চ (আজ) থেকে পূর্বঘোষিত আদালত বর্জনের কার্যক্রম স্থগিত করা হলো। তাই বরিশাল জেলা আইনজীবী সমিতির সব সদস্যের আদালতের কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন স্বাক্ষরিত আরও একটি নোটিশে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের একই বিষয় উল্লেখ করা হয়। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘আদালত এবং আইনজীবীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে।’ যদিও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন বলেন, ‘বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা উভয়পক্ষ একটি সমঝোতার দিকে এগোচ্ছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেই সমঝোতা চূড়ান্ত করতেই আদালত বর্জন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।’ বরিশাল মহানগর জজ আদালত এবং বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বশীল দুটি সূত্র জানিয়েছে, আদালতে ভাঙচুর, বিচারকাজে বাধা, কর্মচারীদের মারধরসহ আদালত অবমাননার বিষয়ে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত আইনজীবীরা। তারা নিজেদের ভুল স্বীকার করেছেন। এদিকে, বিচারক এবং বিএনপিপন্থি আইনজীবীদের বিরোধ মীমাংসার দিকে এগোলেও আদালতের এজলাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থি আইনজীবীরা। আওয়ামী আইনজীবী পরিষদের ৪৯ জন আইনজীবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদেকুর রহমান লিংকনের একক সিদ্ধান্তে কোর্ট বর্জন, আদালত চলাকালে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং আদালতের আসবাব ভাঙচুর করার তীব্র প্রতিবাদ করছি। ২০১৭ সালে হত্যাচেষ্টা এবং অঙ্গহানির ঘটনায় ২০২৪ সালের নভেম্বরে দায়ের করা একটি মামলায় গত ২৩ ফেব্রুয়ারি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু