শিরোনাম
Ad Image

যুক্তরাষ্ট্রের হাইস্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের হাইস্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইসল্যান্ডের পাওটাকেট শহরের একটি হাইস্কুলে আইস হকি খেলায় বন্দুক হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জেরে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা হামলা। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে গোলাগুলির খবর পান তারা। তদন্তকারীরা এখনো হামলার আগে কী ঘটেছিল তা খতিয়ে দেখছেন।

 

সংবাদমাধ্যম প্রভিডেন্স জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে প্রায় ১৩টি গুলির শব্দ শোনা যায়। এরপর প্রায় ১১ সেকেন্ড পর ক্যামেরার বাইরে থেকে আরও একটি গুলির শব্দ শোনা যায়।

গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়েন এবং পরে দ্রুত বের হওয়ার পথ দিয়ে দৌড়ে পালিয়ে যান।

এদিকে পাওটাকেটের মেয়র ডন গ্রেবিয়েন এক বিবৃতিতে বলেছেন, একটি আনন্দের উপলক্ষে এমন ভয়াবহ হামলা সত্যিই বিষাদের। অনেকগুলো পরিবার, ছাত্র এবং সমর্থকেরা খেলা উদযাপন করার জন্য উপস্থিত ছিল। সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা রইলো।

হামলার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, তদন্তে সহায়তা করার জন্য সংস্থার বোস্টন বিভাগের এজেন্টদের পাওটাকেটে মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর