শিরোনাম
কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

হেসেখেলেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রের ব্যাটে চড়ে কানাডাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। আইসিসি টি-২০ বিশ্বকাপের ৩১তম ম্যাচে কিউইরা আজ জয় পেয়েছে ৮ উইকেটের ব্যবধানে। তাও আবার ৪.৫ ওভার হাতে রেখেই।

চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে কানাডা উদ্বোধনী জুটিতেই জড়ো করে ১১৬ রান। আর এতে মূল অবদান যুবরাজ সামরার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক দিলপ্রিত বাজওয়া। এক প্রান্ত আগলে রাখেন দিলপ্রিত অন্য প্রান্তে চড়াও হন যুবরাজ।

১৪তম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের দেখা পায়, ৩৯ বলে ৩৬ রান করে দিলপ্রিত বিদায় নিলে। তখনও সামরাকে ফেরানো যায়নি বলে কিউইদের তেমন উচ্ছ্বাসও দেখা যায়নি। ইনিংসের একদম শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বোলার-ফিল্ডারদের ভুগিয়ে গেছেন সামরা। দলীয় ইনিংসের ৪ বল বাকি থাকতে বিদায় নেওয়ার আগে ৬৫ বলে ১৬৯.২৩ স্ট্রাইক রেটে ১১০ রান করেন সামরা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। নিউজিল্যান্ড কাঙ্ক্ষিত উইকেটটির দেখা পায় জ্যাকব ডাফির কল্যাণে।

তারপরও সাহসী ব্যাটিং অব্যাহত রাখে কানাডা। সামরার বিদায়ে ক্রিজে নেমেই ছক্কা হাঁকান ডিলন হেয়লিগার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান দাঁড়ায় কানাডার সংগ্রহ।

কানাডার লড়াকু পারফরম্যান্স অবশ্য মলিন হয়ে যায় গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর সামনে। দলীয় ৩০ রানে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে হারানোর পর কিউইদের হয়ে হাল ধরেন রবীন্দ্র ও ফিলিপস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই নিউজিল্যান্ড পা ফেলে জয়ের বন্দরে।

ফিলিপস মাত্র ৩৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। রাচিন ৩৯ বলে করেন ৫৯ রান।

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে
অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সেরা চমকটা দেখিয়ে দিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে বিদায় করে টুর্নামেন্টের সুপার এইটে জায়গা করে নিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা ছিল জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। তবে বৃষ্টির কারণে টসও হতে পারেনি। দুই দল পেয়ে গেছে ১ পয়েন্ট করে। এর ফলে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে, বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া।

৪ পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ের সুপার এইটে যেতে দরকার ছিল আর ১ পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২, শেষ ম্যাচে জিতে সর্বোচ্চ হতে পারবে ৪। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট পাওয়া মানেই ছিল অজিদের বিদায়। পাল্লেকেলের ঝড়ো বৃষ্টিতে ম্যাচে টসটাও হতে পারল না, খেলা তো দূর। পয়েন্ট ভাগাভাগি হয়ে জিম্বাবুয়ে পেল ১ পয়েন্ট, মোট পয়েন্ট ৫। শ্রীলঙ্কার সাথে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে গেল জিম্বাবুয়ে। অন্যদিকে বিদায় নিল অস্ট্রেলিয়া, সাথে আয়ারল্যান্ডও। আইরিশদের পয়েন্ট ৩।

গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাশাপাশি জিম্বাবুয়ের কাছেও হেরে বিদায়ের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। এবার নিশ্চিত হয়েছে বিদায়। চোটজর্জর অজিরা বিশ্বকাপে বেশ সংগ্রাম করেছে। গ্রুপের টেবিলে ৫ম স্থানে থাকা ওমান অবশ্য এখনও কোনো ম্যাচ জেতেনি, শেষ ম্যাচে ওমানের সামনে অস্ট্রেলিয়া।

 

গ্রুপ 'বি' থেকে সবার আগে সুপার এইটে চলে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।