জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ‘ভাড়া বৃদ্ধি কাম্য নয়। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এ জন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি।’
এর আগে লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহন মন্ত্রীকে চিঠি দেন লঞ্চ মালিকরা। চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়।
তবে মালিকদের দাবির তুলনায় কম হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে বুধবার সকালে বাস-মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।