সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।

প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, অসহায় ও সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।