শিরোনাম

নাটোরে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ

নাটোরে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কালো জাদু’ করার অভিযোগ তুলে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো, মারধর ও অপমান-লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইয়ারুল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একই ঘটনায় ভয়ভীতি দেখিয়ে ওই নারীদের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁচকৈড় গারিষাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, নিজের মেয়ের ওপর ‘কালো জাদু’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে প্রতিবেশী তিন নারীকে ধরে আনেন ইয়ারুল সরদার। পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এ সময় তাদের প্রকাশ্যে অপমান ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইয়ারুল সরদার দাবি করেন, ওই নারীরা বিভিন্ন কবিরাজের মাধ্যমে তার মেয়ের ওপর ‘কুফরি কালাম’ ও ‘বান’ প্রয়োগ করছেন বলে তিনি মনে করেন। এতে তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর