শিরোনাম

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গু, স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হলো ৮০০ পরীক্ষার কিট

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গু, স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হলো ৮০০ পরীক্ষার কিট

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ৮০০ কিট দিয়েছে উপজেলা পরিষদ।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর মাহমুদ অনিকের হাতে এসব কিট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, সার্টিফিকেট সহকারী নিত্য রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডা. তানভীর মাহমুদ অনিক জানান, ফকিরহাটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ২৩ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর বাইরে অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকেও ভর্তি রয়েছেন। এ পর্যন্ত ফকিরহাট উপজেলার দুই বাসিন্দার ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁরা খুলনা ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

ইউএনও মো. রোকনুজ জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরীক্ষার সুবিধা নিশ্চিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৮০০টি কিট দেওয়া হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধের পাশাপাশি মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা জরুরি। বাড়ির আশপাশ, ছাদ কিংবা ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর