চট্টগ্রামে ঘুষের টাকা লেনদেনের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে নগরীর কোট বিল্ডিং এলাকায় পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুদক।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক আল আমিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের টাকা লেনদেনের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, অফিস সহকারী মো. ফারুক ইসলাম এবং ওমেদার রুপন দাশ।
দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।