শিরোনাম

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরের পার্বতীপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ অন্যরা।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন ইউএনও আরাফাত আমান আজিজ।

পরে সফল দুই মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষের সম্প্রসারণ ও মাছের আবাসস্থল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য সংরক্ষণ আইন, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য খাদ্য ও হ্যাচারি আইন বাস্তবায়ন এবং মা মাছ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে দুই শতাধিক মৎস্য চাষি এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সোমবার মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা, স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জনসমাগমস্থলে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর