শিরোনাম
কক্সবাজারে দম্পতি গ্রেপ্তার, কিশোর হেফাজতে

খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, সাড়ে ৩৫ লাখ টাকা

খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, সাড়ে ৩৫ লাখ টাকা

কক্সবাজার শহরের একটি ভাড়া বাসায় খাটের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন (২৩) ও তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া কিশোরের বাড়িও টেকনাফে। তাঁরা তিনজনই উত্তর হাজীপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আশিক মোমেনের থাকার কক্ষের কাঠের খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো রাখা ছিল। সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই স্থান থেকে ইয়াবা বিক্রির ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি ডিএনসির।

অভিযানে তিনটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আশিক মোমেন ও সাদিয়া ফারহানার বিরুদ্ধে বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএনসি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর