শিরোনাম

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগে মিলল ৩২ লাখ টাকার সিগারেট
ছবি:প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একই ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।

এনবিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা সতর্ক অবস্থান নিয়ে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করেন।

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ শাহিনের ব্যাগ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে পাওয়া যায় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। অপর যাত্রী বেলায়েত ভুইয়া হোসেইনের ব্যাগেজ থেকে জব্দ করা হয় ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর