দেশবিরোধী সব চুক্তি বাতিল, ইসলাম-ঈমান ও দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ ১৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চুক্তি ও অধ্যাদেশ পুনর্বিবেচনাসহ একাধিক দাবি তুলে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তিমোড়ে আয়োজিত সমাবেশের আগে পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শান্তিমোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারোঘরিয়া এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং রাষ্ট্রীয় নীতিতে ইসলামি মূল্যবোধের প্রতিফলনের দাবি জানান। তারা পবিত্র ১২ রবিউল আউয়াল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালনের পাশাপাশি সরকারি ছুটি, বিশেষ বাজেট বরাদ্দ এবং শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল আয়োজনের দাবি জানান।
এ ছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।
সমাবেশে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতিমালার সমালোচনা করে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা অধ্যাদেশ জনগণ মেনে নেবে না। তারা সরকারের নেওয়া ১৩৩টি অধ্যাদেশ বাতিলের দাবি জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, সামরিক ও প্রযুক্তি খাতে চলমান ও প্রক্রিয়াধীন চুক্তিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।
বক্তারা ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে নতুন মসজিদ নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে মসজিদ উচ্ছেদ বন্ধ এবং বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিও তুলে ধরেন।
সমাবেশ থেকে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়। বক্তারা বলেন, ইসলাম, ঈমান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে।