নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও মাটিবাহী ট্রলারের ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ ও একজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল পর্যন্ত চলে। এ সময় দুটি বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে হৃদয় নামে একজন গুলিবিদ্ধ এবং রাজু নামে আরেকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হৃদয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সামেদ আলীর ছোট ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী এলাকায় আধিপত্য বিস্তার, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ এবং কথিত চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাদের সিপাহীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েক মাস ধরে এ বিরোধকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বক্তাবলী এলাকার ইটভাটাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ হালিম আজাদের পক্ষের হাতে যায়। সম্প্রতি কাদের সিপাহী ও আওয়ামী লীগ নেতা সামেদ আলী এবং তাঁর ছেলেরা এলাকায় ফিরে এসে এসব কার্যক্রমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হালিম আজাদের অনুসারীরা বক্তাবলী খেয়াঘাট এলাকায় খিচুড়ি রান্না করে খাওয়াদাওয়ার আয়োজন করেন। পরে তাঁরা দলবল নিয়ে আকবরনগর এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু টেঁটাবিদ্ধ হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুটি বাড়িতে ভাঙচুর চালানো এবং সেখান থেকে মালামাল লুট করার অভিযোগ উঠেছে। তবে এসব ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লোকমান শাহ জানান, আহত দুজন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের একজন গুলিবিদ্ধ এবং অন্যজন টেঁটাবিদ্ধ।
আধিপত্য বিস্তার ও ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।