শিরোনাম

বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সামিটে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সামিটে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে দেওয়া ভারত সফরের আমন্ত্রণও বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে।”

ব্রিকস সম্মেলন প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অষ্টাদশ ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ব্রিকসের আউটরিচ অধিবেশনে যে প্রচলিত রীতি অনুসরণ করা হয়, সেই অনুযায়ী বিমসটেকসহ অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে ভারত সরকারের কোনো ভূমিকা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানের আয়োজন করছে একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, “ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে, সেগুলোরও ভারত সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না।”

উল্লেখ্য, ভারত বর্তমানে ব্রিকসের চেয়ারম্যান দেশ। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। আউটরিচ অধিবেশনে সদস্যভুক্ত নয় এমন দেশ ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ থাকে। বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় সেই দায়িত্বের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সুযোগ থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর