বরিশাল নগরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন—নগরের ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আর্শেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচর এলাকার নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জ উপজেলার রাজিব চন্দ্র দাস।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ বটতলা এলাকায় অভিযান চালায়।
তিনি বলেন, হালিমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি ভবনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল। সেখান থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।