শিরোনাম

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে এবং এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। এতে দেশের বহু মানুষ কষ্ট পাচ্ছেন—সরকার তা অস্বীকার করছে না। সংকট সমাধানে সরকার একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সংকটের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে জ্বালানি সংকট তৈরি হলেও যাতে দেশের মানুষকে একই ধরনের দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, বিএনপি জনগণের নির্বাচিত সরকার হিসেবে মানুষের দুর্ভোগের দায় এড়িয়ে যেতে চায় না। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে শুধু অজুহাত হিসেবে তুলে না ধরে বাস্তবতা জনগণের সামনে প্রকাশ করা এবং কার্যকর পদক্ষেপ নেওয়াই সরকারের লক্ষ্য।

বিদ্যুৎ-গ্যাস সংকটে শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি নিজের ও দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দলের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর শুরু হয় মূল আলোচনা।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভা সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর