শিরোনাম

রায়পুরার তালিকাভুক্ত সন্ত্রাসী হান্নান ও নূরুল ইসলাম গ্রেপ্তার

রায়পুরার তালিকাভুক্ত সন্ত্রাসী হান্নান ও নূরুল ইসলাম গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হান্নান ও তার সহযোগী নূরুল ইসলামকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান (৪২) রায়পুরার বাসিন্দা এবং নূরুল ইসলাম (৩৮) উপজেলার মির্জারচর এলাকার বাসিন্দা।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ও নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাদের নরসিংদীতে আনা হয়।

ওসি মো. মজিবুর রহমান বলেন, হান্নান রায়পুরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার নূরুল ইসলামও হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশের তথ্যমতে, গত জুনে রায়পুরার নিলক্ষ্যা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ হান্নানের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া দ্রুত বিচার আইনে একটি, মাদক আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে।

এসপি আব্দুল্লাহ আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হান্নান এলাকায় ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর