চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) সাবেক মহাপরিচালক এবং বিসিএস তথ্য ক্যাডারের ১৯৭৯ ব্যাচের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার বিশ্বাস মারা গেছেন।
গত সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ডিএফপি পরিবার তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সনৎ কুমার বিশ্বাস ১৯৫১ সালে নড়াইলের চারিখাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এবং কর্মজীবনের একপর্যায়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।