বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিন হিসেবে দেওয়া রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) এ ঘটনায় বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে দেখতে গিয়ে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। সৌভাগ্যবশত, রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীটি কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সাইফুন নাহার বলেন, ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।
ঘটনার পর শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিদ্যালয়ে সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।