প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবীণদের উন্নত স্বাস্থ্যসেবা, আর্থিক সুরক্ষা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুর্তজা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন নাহার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. আব্দুল মান্নান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও দীর্ঘদিনের অবদান সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। জীবনের শেষ পর্যায়ে কোনো প্রবীণ যেন অবহেলা, একাকিত্ব কিংবা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা প্রবীণদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অধিকার ও সমস্যা নিয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, বার্ধক্য জীবনের স্বাভাবিক পর্যায়। তাই প্রবীণদের জন্য সম্মানজনক ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের সঙ্গে তাঁদের আন্তঃসম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রবীণ হিতৈষী সংঘের সদস্য, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।