গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলীয় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মাস্টার হোসেন আরমান, সদস্যসচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।