শিরোনাম

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াংসহ ৪ বারে এসআরবি-এনবিআরের অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াংসহ ৪ বারে এসআরবি-এনবিআরের অভিযান

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা উল্লেখ করা ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ রাজধানীর চারটি বারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এসব প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

অভিযানের আওতায় থাকা অন্য তিন প্রতিষ্ঠান হলো—র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ‘ফাঁকি’ এবং ‘অননুমোদিত’ গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানে সিআইআইডি চারটি দল গঠন করে। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

এনবিআর কর্মকর্তারা শেখ নূর ইসলামকে ফু-ওয়াংয়ের ওয়্যারহাউজটির মালিক বলে উল্লেখ করলেও ফু-ওয়াং কর্তৃপক্ষ দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নূর ইসলাম কিংবা তার পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।

এর আগে ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ নূর ইসলাম ও তার পরিবারের আর্থিক বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর