শিরোনাম

স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী জীবন চন্দ্র ধর

স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গীকার, চেয়ারম্যান প্রার্থী জীবন চন্দ্র ধর

গাজীপুরের কালীগঞ্জে কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের তিন বছর মেয়াদি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জীবন চন্দ্র ধর। নির্বাচিত হলে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যবান্ধব সমবায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নির্বাচনকে ঘিরে কেটুন এলাকায় সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। চেয়ারম্যান প্রার্থী জীবন চন্দ্র ধর সদস্যদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাঁর পরিকল্পনা তুলে ধরছেন। তিনি এর আগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বর্তমান চেয়ারম্যান রতন চন্দ্র রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা কমিটির নয়টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহসভাপতি পদে দুজন, সহসাধারণ সম্পাদক পদে তিনজন, ট্রেজারার পদে দুজন এবং পরিচালক পদে ১১ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১১৯ জন।

সাক্ষাৎকারে জীবন চন্দ্র ধর বলেন, সদস্যদের ভোটে নির্বাচিত হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ক্রেডিট ইউনিয়নের সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি সদস্যদের আর্থিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সম্পদ ও তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করে সদস্যদের জন্য কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। নতুন প্রজন্মকে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করা এবং সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতেও গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচনে জীবন চন্দ্র ধরের প্রার্থিতা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা চলছে। কয়েকজন সদস্য জানান, তাঁরা যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব চান। তাঁদের মতে, যে প্রার্থী সদস্যদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবেন, ভোটের মাধ্যমে তাঁকেই বেছে নেওয়া হবে।

শেষ পর্যন্ত ১৮ সেপ্টেম্বরের নির্বাচনে ভোটারদের রায়েই নির্ধারিত হবে কেটুন হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আগামী তিন বছরের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর