শিরোনাম

সৈয়দপুরে ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী

সৈয়দপুরে ইএমই কোরের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে (ইএমইসিঅ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

অধিনায়ক সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেনাপ্রধান ইএমই কোরের ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন সরঞ্জামের মেরামত ও রক্ষণাবেক্ষণে কোরটির অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেন সেনাপ্রধান।

এদিকে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন সেনাপ্রধান। পরে তিনি ইএমই কোরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

এ সময় সেনাপ্রধান বলেন, এ ধরনের পুনর্মিলনী ইএমই কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুটেন্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর