শিরোনাম

হরিপুরে এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে কাজি পেশায় যুক্ত থাকার অভিযোগ

হরিপুরে এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে কাজি পেশায় যুক্ত থাকার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রণহাট্রা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলবি আব্দুল করিমের বিরুদ্ধে শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। এমপিও নীতিমালা অনুযায়ী একাধিক চাকরি বা আর্থিক লাভজনক পদে যুক্ত থাকার সুযোগ না থাকলেও তিনি একই সঙ্গে দুটি পেশায় দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলবি আব্দুল করিম দীর্ঘদিন ধরে রণহাট্রা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি এমপিও সুবিধাও ভোগ করছেন। এর পাশাপাশি তিনি ডাঙ্গীপাড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১১.১৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সময়ে একাধিক পদ বা চাকরিতে কিংবা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। নীতিমালা লঙ্ঘনের বিষয়টি তদন্তে প্রমাণিত হলে এমপিও বাতিলসহ বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

অভিযোগের বিষয়ে মৌলবি আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালনের বিষয়টি অস্বীকার করেননি। তবে তিনি দাবি করেন, তিনি একা নন; হরিপুরে আরও দুই থেকে তিনজন এবং রানীশংকৈলেও একাধিক ব্যক্তি একইভাবে এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনবল কাঠামো অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অন্য কোনো লাভজনক পেশায় যুক্ত থাকার সুযোগ নেই।

এদিকে একই সঙ্গে দুটি পেশায় দায়িত্ব পালনের ফলে সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত ও পূর্ণ সময় দিতে পারছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের কেউ কেউ। এতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে রণহাট্রা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর