শিরোনাম

এসএসসিতে শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

এসএসসিতে শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। এসব বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ২৪ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পাঁচটি বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি এবং হরিপুর উপজেলার একটি বিদ্যালয় রয়েছে।

সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং তাওরিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।

অন্যদিকে হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তারাও অকৃতকার্য হয়েছে।

ফলে পাঁচটি প্রতিষ্ঠানেই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে

এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে বিদ্যালয়গুলোর পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, শোকজের জবাব পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলা থেকে মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন। জেলায় সার্বিক পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর