শিরোনাম

সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবারের আকুতি

সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবারের আকুতি

বাগেরহাটের মোরেলগঞ্জে মো. ইমরান শেখ (২৫) নামে এক যুবক এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারেন না। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইমরানের সন্ধানে সবার সহযোগিতা চেয়েছেন তাঁর বড় ভাই মো. সাগর শেখ।

নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের মো. আবুল শেখের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, ইমরান নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর শেখ জানান, গত ১৯ আগস্ট ইমরান তাঁর স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সিলেট ভ্রমণে যান। পরে ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার উজান-ভাটি বাসস্টপে বাস থেকে নেমে পড়েন ইমরান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাগর শেখ বলেন, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন এলাকা এবং থানায় খোঁজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত ইমরানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরানের গায়ের রং ফর্সা এবং শরীরে ট্যাটু রয়েছে। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।

কেউ ইমরান শেখের সন্ধান পেলে অথবা তাঁর বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর বড় ভাই সাগর শেখ। যোগাযোগ: ০১৮২৪-৪৮৪৩৮৮।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর