নাটোরের গুরুদাসপুরে বিধবা ভাতার রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, সোমবার সকালে বিধবা ভাতার রেজিস্ট্রেশনের বিষয়ে কথা বলতে চেয়ারম্যানের বাড়িতে যান ওই নারী। পরে চেয়ারম্যান তাকে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত আব্দুল কুদ্দুসের বাড়িতে যেতে বলেন। সেখানে কাউকে না পেয়ে ওই নারী বের হওয়ার সময় চেয়ারম্যান তাকে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্বজনদের দাবি, রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাঁসানো হচ্ছে।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ।