নীলফামারীর পলাশবাড়ি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কলেজের তিন প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে পলাশবাড়ি কলেজ পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, পলাশবাড়ি দাখিল মাদরাসার সুপার আব্দুস সালাম, ককই বড়গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায় এবং দুবাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র রায়।
কলেজের অধ্যক্ষ সুমনা শাহনাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক তুষার কান্তি ব্যানার্জি।
অনুষ্ঠানে পলাশবাড়ি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও নীলফামারী প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়, সোনালী ব্যাংক পিএলসি’র জলঢাকা শাখার অফিসার (ক্যাশ) গোপাল চন্দ্র রায় এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপসহকারী ভূমি কর্মকর্তা নারায়ণ চন্দ্র রায়কে সম্মাননা প্রদান করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।